সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষার্থী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ২:২৭:৫১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম সাদমান রহমান (নাবিল)। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সাদমান মোটরসাইকেলে মদিনা মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর উপস্থিত লোকজন সাদমানের সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইদের মুঠোফোনে কল করে বিষয়টি জানান। তারা এসে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মুহিত জানান, রাত একটার দিকে সাদমানকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, তার (সাদমান) অভিভাবকদের আমরা অবহিত করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাঠানো হয়েছে। আমাদের দুজন শিক্ষার্থী লাশবাহী গাড়ির সঙ্গে রওনা দিয়েছেন।
স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়েছে বলে জানান সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
রোববার সকাল ছয়টার দিকে লাশবাহী গাড়ি সাদমানের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জি এম রবিউল ইসলাম। তিনি বলেন, সাদমানের মরদেহের সঙ্গে যাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন তার সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা।
বিভাগের প্রধান আব্দুল হান্নান বলেন, আমাদের একজন শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আজ বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরীক্ষা নির্ধারিত ছিল, সেটি স্থগিত করা হয়েছে।


