মেয়েদের ফুটবল দেখে মুগ্ধ বাটলার
স্বর্ণার গোলে সিলেট অঞ্চলের চ্যাম্পিয়ন রাগীব-রাবেয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১:৫২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার: প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট অঞ্চলের ফাইনালে সুগন্ধা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোলটি করেন স্বর্ণা মুন্ডা।
ম্যাচের ১৯ মিনিটে স্বর্ণা মুন্ডার গোলে এগিয়ে যায় রাগীব-রাবেয়া। এরপর দুই দলই গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত স্বর্ণার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দলটি।
ফাইনালে হারলেও সুগন্ধা ফুটবল একাডেমির গোলরক্ষক সাদিয়া আক্তার নজর কেড়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। প্রতিপক্ষের একাধিক আক্রমণ রুখে দেওয়ায় তাঁকে ম্যাচসেরা নির্বাচিত করেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
সিলেট জেলা স্টেডিয়ামে আজ শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিতে সিলেটে এসেছেন পিটার বাটলার। শুক্রবার গ্যালারিতে বসে নারী ফুটবলারদের খেলা উপভোগ করেন তিনি।
খেলা শেষে নারী ফুটবলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন বাটলার। তিনি বলেন, ঢাকায় মেয়েদের এভাবে খেলতে দেখা যায় না। ঢাকার বাইরে মেয়েরা ফুটবল খেলছে এবং নিজেদের প্রতিভা তুলে ধরছে—বিষয়টি তার কাছে অসাধারণ লেগেছে। মেয়েদের খেলার সুযোগ করে দেওয়ায় প্রথম আলো ও স্টার নিউজকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিলেট সিটি তৃণমূল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রাগীব-রাবেয়া। ওই ম্যাচে দ্বিতীয় গোলটি করে ম্যাচসেরা হন স্বর্ণা মুন্ডা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও ২-১ গোলে হিমু ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সুগন্ধা ফুটবল একাডেমি। দলটির ফরোয়ার্ড শ্রাবন্তী রানী জয়সূচক গোল করে ম্যাচসেরা হন।
টুর্নামেন্টের শেষ আটে এখন পর্যন্ত পাঁচটি দল জায়গা নিশ্চিত করেছে। রাগীব-রাবেয়ার আগে রংপুর অঞ্চল থেকে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি, রাজশাহী অঞ্চল থেকে বগুড়া রক্সি ফুটবল একাডেমি এবং খুলনা অঞ্চল থেকে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি মূল পর্বে উঠেছে। চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের খেলা শেষে বাকি তিনটি দল নির্বাচিত হবে।
দুটি সেমিফাইনাল ও ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন।



