সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের দুই প্রবাসীর দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:৪৭:৫৯ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় দাফন সম্পন্ন করতে সরকারিভাবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে নিহতদের পরিবার আরও ৩ লাখ টাকা করে অনুদান পাবেন।
নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন তারা। গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ‘আল-খুরমা’ এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চার বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে দুজন হলেন তারা।
লামার তালুক গ্রামে আব্দুল করিম ও খালিদ উদ্দিনের লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছে দুপুর ২ঘটিকার দিকে। বাড়িতে পৌঁছলে সেখানে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে৷ হাউমাউ করে কাঁদছিলেন স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন। প্রিয়জনকে শেষ বারের মতো দেখে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশির লোকজন। আধা ঘন্টার মতো বাড়িতে রেখে তারপর নিয়ে আসা হয় স্থানীয় আকুনি মাদরাসায়। সেখানে এলাকার লোকজন শেষবারের মতো দেখেন প্রবাসী এই দুই রেমিট্যান্স যোদ্ধাকে। এরপর বাদ আছর একই সাথে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী লামার তালুক গ্রামের কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় আব্দুল করিম ও খালিদ উদ্দিনকে।
এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে আব্দুল করিম ও খালিদ আহমদ সিলেটের বাসিন্দা।
৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, নিহত দুজনই একই গ্রামের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আজ তাদের লাশ দেশে ফিরেছে। সরকার সর্বাত্মক সহযোগিতা করেছেন। আজকে বিকালে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো দুই প্রবাসীর এমন মৃত্যুতে পরিবার দুটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। মরদেহ দেশে আনা এবং দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে চলতি বছরের জুন মাসে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। ২১ জুনের ওই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান, যাদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা। পরে ৩০ জুন পাঁচ বাংলাদেশির মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনা হয়।
একের পর এক সড়ক দুর্ঘটনায় বিদেশের মাটিতে প্রবাসীদের প্রাণহানির ঘটনায় কানাইঘাটের পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমানো মানুষগুলোর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছে না।




