সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের টিকিট উধাও: আদালতের স্বপ্রণোদিত মামলা, তদন্তে পিবিআই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী রেলের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার পর মুহূর্তেই উধাও হয়ে যায়। যার কারণে ১০ দিন পূর্বে টিকেট ছাড়ার সময়ে অনলাইনে প্রবেশ করলেও পাওয়া যায় না। এবিষয়টি নিয়ে সিলেটবাসীর অসন্তোষ ও ক্ষোভ দীর্ঘদিনের। এটি নিয়ে স্বপ্রণোদিত হয়ে গত ২২ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলী- ১১ এ মামলা করেছেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান।
মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) গত ১ অক্টোবর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের উপপরিদর্শক আবদুল আহাদ।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে উপপরিদর্শক আবদুল আহাদ বলেন, আদালত মামলা তদন্তের নির্দেশ পিবিআইকে দিয়েছেন। এটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। ফুল ডাটা নিয়ে কাজ করতেছি। এটায় বিশাল সিন্ডিকেট কাজ করতেছে। আমরা চেষ্টা করছি একেবারে মূল জায়গায় গিয়ে তদন্ত করে তদন্তভার জমা দিতে।
জানা যায়, সিলেট থেকে ঢাকায় উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সারা দেশের ন্যায় সিলেট থেকে যাতায়াতকারী এসব ট্রেনের টিকিটও অনলাইনে ক্রয় করতে হয়। অধিকাংশ যাত্রী অনলাইনে টিকিট ক্রয় করতে গিয়ে পারেন না। ফলে বাধ্য হয়ে বিভিন্ন মাধ্যম থেকে তারা ক্রয় করেন। এ অবস্থায় অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রির বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে বিজ্ঞ আদালতের কাছে যায়। রেলের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে আদালত কয়েক মিনিটের মধ্যে ট্রেনের সব টিকিট বিক্রির বিষয়টি সন্দেহের সৃষ্টি করে।
কয়েকটি চক্র ট্রেনের টিকিট বাজারজাতকরণের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে কারও কারও সহায়তায় মুহূর্তেই ট্রেনের সব টিকিট কিনে নিয়ে অধিক মূল্যে যাত্রীদের নিকট বিক্রয় করছে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের হয়রানির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন আদালত। পরে সেপ্টেম্বরের ২২ তারিখে স্বপ্রণোদিত হয়ে সিলেট আদালতে মামলা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। তিনি এজাহারে কালোবাজারি ও মজুতদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন।
এর আগে সিলেটের জেলা প্রশাসক থাকাকালীন মো. সারওয়ার আলম বেশ কয়েকটি অভিযান চালান সিলেট রেলওয়ে স্টেশনে। পরে তখন নির্দিষ্ট তারিখের আগেরদিনও টিকেট পাওয়া যেত। তাঁর সিলেট ছেড়ে চলে যাওয়ার পরই পুনরায় শুরু হয় সিলেট রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারী। যার ফলে বর্তমানে ১০ দিন পূর্বে টিকেট ছাড়ার সাথেই উধাও হয়ে যায়। আবার টিকেট কালোবাজারীদের কাছে অতিরিক্ত টাকা দিয়ে মিলে ট্রেনের টিকেট।




