বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বিএসএফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৮:০৪:৩৯ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে পাথর আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭-এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
শাহরিয়ার বিছনাকান্দি ইউনিয়নের উপরগ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অন্য শ্রমিকদের সঙ্গে জিরো পয়েন্টে পাথর আনতে যান শাহরিয়ার। পাথর সংগ্রহের সময় তিনি ও তার সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। এসময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শুনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে মরকিটিলা এলাকায় পাথর আনতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে গত মঙ্গলবার বিছনাকান্দি সীমান্তে অস্ত্র সহ বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।



