সিলেটে দেড় হাজার দৌড়বিদ নিয়ে ম্যারাথন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৪৮:১৮ অপরাহ্ন
দেড় হাজার দৌড়বিদদের নিয়ে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সিলেট ম্যারাথন। সিলেট রানার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সিলেট সার্কিট হাউজের সামনে থেকে তিন ধাপে শুরু হবে এ ম্যারাথন। এই আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে রানার কিট বিতরণ করা হয়। এবারের আয়োজনে ১০.৫, ২১.১ ও ৪২.২ কিলোমিটার- তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন প্রায় দেড় হাজার দৌড়বিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক সহ প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।
জানা যায়, ম্যারাথনে ১০.৫ কিলোমিটার মিনি ম্যারাথন, ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন অনুষ্ঠিত হবে। তার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় শুরু হবে ফুল ম্যারাথন এবং হাফ ও মিনি ম্যারাথন ভোর সাড়ে ৫ টায় শুরু হবে। পরে সকাল আটটার দিকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।
এতে বিভিন্ন দেশের প্রায় শতাধিক দৌড়বিদ অংশ নিবেন।


