সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৪৯:০৯ অপরাহ্ন
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস চারটিরপুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে। ওই চার বাস ছাড়াও সেখানে আরও অর্ধশতাধিক বাস পার্কিং করে রাখা ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-কমিশনার (ডিসি সিটিএসবি) আফজাল হোসেন। তিনি বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা যাচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।



