এমসি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর তপন কান্তির স্মরণে শোকসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৫:১৬ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর তপন কান্তি ধরের স্মরণে এক শোকসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এমসি কলেজের রসায়ন বিভাগে এই শোকসভার আয়োজন করা হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা আলমের সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক সুজিত চন্দ্র দত্তের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
অনুষ্ঠানে প্রয়াত প্রফেসর তপন কান্তি ধরের বর্ণাঢ্য কর্মময় জীবন ও আদর্শের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর সমসাময়িক সহকর্মী ও এমসি কলেজ রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর রণধীর দত্ত, রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বর্তমান সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, এমসি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর শাহ বদরুল আলম এবং প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইসলাম উদ্দিন।
এছাড়াও কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজ, সিলেটের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, যুগ্ম আহবায়ক স্বপন কুমার রায় এবং পুলিশ ইন্সপেক্টর ও যুগ্ম আহবায়ক দেবাংশু পাল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রফেসর তপন কান্তি ধর ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, দক্ষ প্রশাসক এবং সফল মানুষ। রসায়ন বিভাগের উন্নয়নে এবং অগণিত শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভায় রসায়ন বিভাগের সকল শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যবৃন্দ এবং বিভিন্ন বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রফেসর তপন কান্তি ধরের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।



