গোয়াইনঘাট বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, খুনি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ২:৩৫:৫৩ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানার টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে ভিকটিমের পক্ষের লোকজন হাতে কোপ দেন বলে জানা গেছে। এর জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাত ভাইয়ের হাতে আরেক চাচাত ভাই খুন হয়েছেন। ঘটনার পর পর গোয়াইনঘাট থানা পুলিশের সাব ইন্সপেক্টর গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক আমির হোসেন কে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।



