দোয়ারাবাজারে জায়গা দখলের চেষ্টায় গাছ কাটার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৮:২৪:২২ অপরাহ্ন
ডাক ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে জায়গা দখলের চেষ্টায় গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার এবিষয়ে বলেন, বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে স্থানীয় আবুল কালামের পুত্র জুয়েল আহমদ তাদের বাপ-চাচার মালিকানাধীন জায়গার উপর দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন। সম্প্রতি হঠাৎ করে স্থানীয় একটি প্রভাবশালী মহল জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের খালি জায়গার রেন্ট্রি গাছ কেটে নেয়। এবিষয়ে জুয়েল দোয়ারাবাজার থানায় একটি জিডি করেন। জিডি নং-১২৩৬।
ব্যবসায়ী জুয়েল আহমদ বলেন,মুলত আমার জায়গা দখলের উদ্দেশ্যে গাছটি কাটা হয়েছে। তিনি এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



