সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে শিক্ষার্থীদের রেড কার্ড প্রদর্শন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাট ডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শনী করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হচ্ছে।
এর আগে তারা শনিবার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করে স্মারলিপি দেন। এই রাতে তারা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলও করেছেন। মিছিলে তারা তাদের ঘোষিত এক দফা দাবিতে নানা স্লোগান দেন।
এর আগে গত সপ্তাহে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সাথে দেখা করে স্মারকলিপি দেন।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ হোসেন বলেন, আমাদের এই দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না। নতুন অধ্যক্ষকেও আমরা ক্যাম্পাসে ঢুকতে দেই নি আর দিবোও না। তিনি একদিন এসেছিলেন, আর এখন চেষ্টা করতেছেন। কিন্তু, আমরা আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রশাসনিক কোনো কাজও করতে দিবো না। বর্তমানে প্রশাসনিক ভবনে তালা দেওয়া আছে।
এবিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল বলেন, আমি পরদিনই জয়েন করে নিয়েছি। আর পূর্বের অধ্যক্ষও নতুন কর্মস্থলে যোগদান করেছেন। শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরাও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। সেরকম কোনো আশ্বাস পাই নি। ক্যাম্পাসে ঢুকতে না পারলেও এর আশপাশে আছি। সব খবর নিচ্ছি।
এর আগে কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ সহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে এর ৩৫ ঘণ্টা পর তাদেরকে অবমুক্ত করে দেন তারা। এর চতুর্থ দিনে সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পঞ্চম দিনেও তারা একই কর্মসূচি পালন করেন।



