সভাপতি দানবীর ড. রাগীব আলী, সম্পাদক আহাদ চৌধুরী
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৪:২৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ ভোটের বাক্স খুলতেই বদলে গেলো দৃশ্যপট। দিনভর অপেক্ষার অবসান ঘটিয়ে ফলাফলে স্পষ্ট হলো ভোটারদের রায়। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃত্বে ভোটারদের আস্থা পেলেন দানবীর ড. রাগীব আলী নেতৃত্বাধীন দানবীর রাগীব-আহাদ পরিষদ। ফুটবল প্রতীকে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন দানবীর ড. রাগীব আলী। একই প্রতীকে সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লায়ন আহাদ উদ্দিন চৌধুরী।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ভোটারদের সরব উপস্থিতি আর ফলাফল ঘোষণার মুহূর্তের টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার শেষ হয় ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান।
প্রকাশিত ফলাফলে জানা যায়, পরিষদের সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দানবীর ড. রাগীব আলী। তিনি ফুটবল প্রতীকে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েছুর রহমান চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ১৬৬ ভোট। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৪ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন দানবীর ড. রাগীব আলী।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন লায়ন আহাদ উদ্দিন চৌধুরী। তিনি ফুটবল প্রতীকে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী তোফায়েল আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ১৬৭ ভোট। ব্যবধান ৫৫ ভোট।
নতুন কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মৌলভীবাজার থেকে মোঃ কুতুব উদ্দিন সোহেল দানবীর রাগীব-আহাদ পরিষদের ফুটবল প্রতীক নিয়ে ২১৩ ভোট, সুনামগঞ্জ থেকে ফুটবল প্রতীক নিয়ে মোজাম্মেল হোসেন চৌধুরী (মেনন) ১৬৪ ভোট এবং হবিগঞ্জ থেকে মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু আনারস প্রতীক নিয়ে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সাংগঠনিক সম্পাদকের দুটি পদে হবিগঞ্জ থেকে দানবীর রাগীব-আহাদ পরিষদের ফুটবল প্রতীক নিয়ে এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ২২৩ ভোট এবং সুনামগঞ্জ থেকে আনারস প্রতীক নিয়ে নাহিদা আক্তার জেনী ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অর্থ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ নজরুল ইসলাম ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে দানবীর রাগীব-আহাদ পরিষদের মোঃ নজরুল ইসলাম চৌধুরীর প্রাপ্ত ভোট ১৪২।
১৯৮ ভোট পেয়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আনারস প্রতীকের প্রকৌশলী মুহাম্মদ জমির আলী। সাংস্কৃতিক সম্পাদক পদে দানবীর রাগীব-আহাদ পরিষদের ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী শাহ আলম কবির পেয়েছেন ১৯৭ ভোট। আর মহিলা বিষয়ক সম্পাদক পদে সর্বোচ্চ ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের কাজী মনিরা আহমেদ।
নির্বাহী সদস্য পদে মোঃ মোখলেছুর রহমান আনারস প্রতীক নিয়ে ২৬০ ভোট, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে ২৪২ ভোট, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালীউর রহমান আনারস প্রতীক নিয়ে ২৩২ ভোট, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম আনারস প্রতীক নিয়ে ২৪৩ ভোট, মোঃ রিপন কবির লস্কর ফুটবল প্রতীক নিয়ে ২৩০ ভোট, কাজী মামুন হোসেন আনারস প্রতীক নিয়ে ২১০ ভোট, আনোয়ারা আক্তার আনারস প্রতীক নিয়ে ২১৮ ভোট, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ফুটবল প্রতীক নিয়ে ২১৫ ভোট এবং মোঃ নাইমুর রহমান আনারস প্রতীক নিয়ে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পরপরই বিজয়ীদের শুভেচ্ছা জানান পরিষদের সদস্য ও সমর্থকবৃন্দ।




