সিলেটে বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমিতে আন্তর্জাতিক কফি দিবস উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫:১৭ অপরাহ্ন
বিশ্বজুড়ে কফিপ্রেমীদের সঙ্গে তাল মিলিয়ে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক কফি দিবস ২০২৬। এ উপলক্ষে বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমি সিলেটে আয়োজন করে প্রাণবন্ত Coffee Day Celebration। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) একাডেমি প্রাঙ্গণে কেক কাটা ও কফিকে ঘিরে বিভিন্ন অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে সিলেটের সবচেয়ে বড় এই কফি একাডেমিতে দিনটি উদযাপন করা হয়।
আয়োজনে সিলেটে কর্মরত বিভিন্ন ক্যাফের বারিস্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন Bruvanz Cafe-এর বারিস্তা জাহিদ। এছাড়াও বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির প্রতিষ্ঠাতা আলি হায়দার মিদুল, একাডেমির ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন বারিস্তা আদিল, বারিস্তা পাবেল, বারিস্তা নবির, বারিস্তা শাকিল ও বারিস্তা ইমন সহ আরো অনেকেই। কফিকে কেন্দ্র করে নিজেদের অভিজ্ঞতা, পেশাগত পরিচয় ও কফির প্রতি ভালোবাসা ভাগাভাগির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় আন্তর্জাতিক কফি দিবস।
বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির প্রতিষ্ঠাতা আলি হায়দার মিদুল বলেন, “কফি শুধু একটি পানীয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি বিশাল ইন্ডাস্ট্রি, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের পেশা ও ভালোবাসা। আন্তর্জাতিক কফি দিবসকে ঘিরে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সিলেটে যারা কফি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিশেষ করে বারিস্তাদের এক জায়গায় নিয়ে আসা এবং নিজেদের অভিজ্ঞতা ও ভালোবাসা ভাগাভাগি করা।”
তিনি আরও বলেন, “আমরা চাই সিলেটে একটি শক্তিশালী Coffee Community গড়ে উঠুক, যেখানে একে অন্যের কাছ থেকে শিখবে, সহযোগিতা করবে এবং এই ইন্ডাস্ট্রিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই আয়োজন সেই পথচলারই একটি ছোট্ট উদ্যোগ। ভবিষ্যতে কফিকে ঘিরে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
কফির সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী ও তরুণদের একত্রিত করার পাশাপাশি স্থানীয় কফি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
আন্তর্জাতিক কফি দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে সিলেটে কফিকে ঘিরে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং একটি ঐক্যবদ্ধ কফি কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।



