হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবার প্রশংসা, রোগীদের সঙ্গে কথা বলে খোঁজ নিলেন অতিথিরা
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেবায় মুগ্ধ লর্ড কুরবান হুসাইন ও দুই ব্রিটিশ এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৯:২১ অপরাহ্ন
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের আধুনিক পরিবেশ, উন্নত অবকাঠামো ও চিকিৎসাসেবা দেখে অভিভূত হয়েছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন এবং ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্য আফসানা বেগম ও শওকত আদম। হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তাঁরা ডায়ালাইসিস সেবার মানের প্রশংসা করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
শুক্রবার বিকেল ৪টায় অতিথিরা কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে হাসপাতালের এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম তাঁদের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। এ সময় অতিথিরা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, সেবার মান ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আফসানা বেগম বলেন, “কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট শুধু একটি ডায়ালাইসিস কেন্দ্র নয়; এটি কিডনী রোগীদের জন্য মানবিক চিকিৎসাসেবা, সহমর্মিতা ও আশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক পরিবেশে রোগীদের সেবা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এখানে দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের প্রতিষ্ঠান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন। হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, অবকাঠামো ও সেবাব্যবস্থা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অতিথিরা হাসপাতালটির আধুনিক বিন্যাস ও ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, এর পরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধায় ব্রিটিশ মানের হাসপাতালের আদল পাওয়া যায়। এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তা পরিচালনার জন্য তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় হাসপাতালের সেবামূলক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিথিরা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের কল্যাণে পরিচালিত মানবিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আমন্ত্রিত অতিথিরা তাঁদের আমন্ত্রণ জানানোর জন্য কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিফ কনসালট্যান্ট ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.), বীর প্রতীকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক (অর্থ) জুবায়ের আহমেদ চৌধুরী, ট্রাস্টি সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ট্রাস্টি ডা. নাজরা চৌধুরী, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসাইন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরীন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয রেজা চৌধুরী, এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম এবং প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেলসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনটি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিকিৎসাসেবার মান, মানবিক উদ্যোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



