আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী সিলেটের ২ শিক্ষার্থীকে বাণিজ্যমন্ত্রীর অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৯:৩০:২৪ অপরাহ্ন
রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (IOCE) ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জনকারী সিলেটের ২ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউজে শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি এই অভিনন্দন জানান।
প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা একটি স্বর্ণপদক, দুটি ব্রোঞ্জপদক এবং একটি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে। এতে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু মাহজুরাহ্ আইমান স্বর্ণপদক অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রতিযোগিতার সার্বিক বিজয়ী (Overall Winner) নির্বাচিত হয়েছে। একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির আরেক শিক্ষার্থী এস এম আনফাল হাবিব অর্জন করেছে ব্রোঞ্জপদক।
এসময় শিক্ষার্থীদের স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। এ অর্জন তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, পরিবেশসচেতনতা, গবেষণার দক্ষতা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এই অর্জন প্রতিষ্ঠানটির জন্যও বিশেষ গৌরবের। তাঁদের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্ঞানচর্চা এবং গবেষণায় আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।



