গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ২:১৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
খুন হওয়া বদরুল আলম (৩২) উপজেলার হাদারপার গ্রামের মাওলানা মৃত তজম্মুল আলীর ছেলে।
বদরুলের ভাই আখলাকুল আম্বিয়া জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে একটি ফোন পেয়ে একজনের সঙ্গে বদরুল আলম পার্শ্ববর্তী গোরাগ্রামে যান। এর ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে সঙ্গের লোকের কাছ থেকে বদরুলের ভাইয়ের কাছে ফোন আসে- তাদের উপর ১০-১৫ জন হামলা করেছেন। খবর পেয়ে পরিবারের লোকজন গোরাগ্রামের বন্দরবাড়ি মসজিদের পাশে রাস্তার মধ্যে বদরুল ও তার সঙ্গের লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। আর তার সঙ্গের আহত লোক ওসমানীতে চিকিৎসাধীন। তিনিও গুরুতর আহত।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের ২ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


