কালিঘাটে মোবাইল কোর্টের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:৩১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কালিঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ভাই ভাই মসলা মিল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। সোমবার বিভিন্ন অনিয়ম ও নিরাপদ খাদ্য আইন পরিপন্থী কার্যক্রমের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।
সোমবার সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেট মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
অভিযান সূত্রে জানা যায়, কালিঘাট বাজারের ভাই ভাই মসলা মিল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ময়দা পাওয়া যায়, প্রয়োজনীয় অনুমোদনপত্র ছিল না, উৎপাদন ও সংরক্ষণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি রয়েছে, পণ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে ভুল তথ্য ও লেবেলজনিত সমস্যা পাওয়া যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত মসলা জাতীয় আইটেম প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রি করা হচ্ছিল।
সার্বিক বিষয় বিবেচনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত এই মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল মুমিত। এছাড়া অভিযানে পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।



