জৈন্তাপুরে চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:৪৯:৫২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সিলেটের জৈন্তাপুর উপজেলায় চারটি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও অগ্নিকাণ্ড প্রতিরোধে দুটি করে ভ্যানগাড়ি এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা হাটবাজার তহবিলের আওতায় জৈন্তাপুর পূর্ব বাজার, আসামপাড়া আশ্রয়ণ, দরবস্ত ও হরিপুর বাজারের কমিটির প্রতিনিধিদের এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজারের প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তরের কথা ছিল। তবে তিনি আসতে না পারায় তার পক্ষে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
দুটি করে ভ্যানগাড়ী এবং অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়ায় বাজারগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার হবে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ এবং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি লুরুল ইসলাম।
বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আবদুল মালেক, আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন এবং দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন ও প্রচার সম্পাদক নির্মল দাস।




