সিলেটে মিছিলের চেষ্টাকালে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ দুই কর্মী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৯:১৩:৪০ অপরাহ্ন
সিলেটে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে মিছিলের ব্যানারও জব্দ করেছে পুলিশ।
আটককৃত দু’জন হলেন- নগরীর নয়াসড়কের জসীম আলীর ছেলে মাসুদ রানা (২৩) ও পূর্ব জিন্দাবাজার এলাকার জগদানন্দ পুরকায়স্থের ছেলে জয়ানন্দ পুরকায়স্থ অর্ণব (২৭)।
জানা যায়, সকালে একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা সবাই কর্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। খবর পেয়ে পুলিশের একটি দল কুমারপাড়া এলাকায় উপস্থিত হয়ে দু’জনকে আটক করতে সক্ষম হয়।
মিছিলের ব্যানারে একপাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের ছবি ও অপর পাশে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভের ছবি রয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকালে ছাত্রলীগের কয়েকজন মিছিলের চেষ্ঠা করে। তখন পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে। এ ঘটনায় যারা মিছিল দিয়েছিল তাদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।



