সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯:২৯ অপরাহ্ন
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে মো. সোহেল আহমদকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে এবং বর্তমানে নগরীর শাহপরাণ থানাধীন বালুচর আল ইসলাহ এলাকার বাসিন্দা।
পরবর্তীতে একই রাতে আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপর দুই সদস্য মো. নাইম উল ইসলাম নাইম (২৪) ও জুনায়েদ আহমদকে (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাইম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং জুনায়েদ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া (কাজীবাড়ী) গ্রামের শাকিল আহমদের ছেলে। তাঁরা দুজনই বর্তমানে কোতোয়ালী থানাধীন বাগবাড়ি এলাকায় বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবি-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



