গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৩:০৮:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশর অভ্যন্তরে অস্ত্র সহ প্রবেশ করায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে একজন বিএসএফ সদস্য অস্ত্রসহ অনুপ্রবেশ করায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির টহল দল তাকে আটক করে। তাকে বর্তমানে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, বিছনাকান্দিতে আজকে সাড়ে ১২ টার দিকে বিএসএফ এর একজন সদস্য অস্ত্র সহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল তৎক্ষণাৎ ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে নেয়। বর্তমানে সে বিওপিতে আছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



