সিলেট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ১১:২২:৫৯ অপরাহ্ন
সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশর অভ্যন্তরে অস্ত্র সহ প্রবেশ করা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যকে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২ টায় বিছনাকান্দির বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ অনুপ্রবেশ করায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির টহল দল তাকে আটক করে। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় পর্যটকদের সাথে কথা কাটাকাটি হয় ওই বিএসএফ সদস্যের। বাকবিতণ্ডার একপর্যায়ে ওই পর্যটকদের মারধর করার উদ্দেশ্যে বাংলাদেশের ২০০গজ অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে স্থানীয় ও পর্যটকরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিওপি সদস্যদের খবর দেন। বিছনাকান্দির বিওপি সদস্যরা পর্যটন স্থান থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
এসময় বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশেরই সীমান্তে বিজিবি ও বিএসএফকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বাংলাদেশ সীমান্তে বিজিবির পাশাপাশি বাংলাদেশী জনগণরাও সতর্ক অবস্থানে ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, বিছনাকান্দিতে মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে বিএসএফ এর একজন সদস্য অস্ত্র সহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল তৎক্ষণাৎ ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে নেয়। পরে সন্ধ্যা ৭ টায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।



