পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা হামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ১:০৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের ফটকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৪ টা থেকে ৫ টার দিকে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় তার বাসভবনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে কাপড় বা পলিথিন জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন।
পুলিশ কমিশনার জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথের ফটকে এই হামলা চালিয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেটের মধ্যে যেটা দেখে বুঝা গেল সম্ভবত কোন পলিথিন টাইপের কিছু একটা হয়তোবা জ্বালানি কেরোসিন দিয়ে থ্রো করে আগুনটা দিয়েছে গেটের মধ্যে। পরে হয়তো আগুন ধরে ওই পলিথিন পোড়া শেষ হইছে এবং আগুন শেষে পলিথিনের ছাই নিচে পড়ে আছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কী ঘটেছে ও কীভাবে হামলাটি চালানো হয়েছে তা খতিয়ে দেখছি। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং ওই এলাকার সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে বা হামলার উদ্দেশ্য উদ্ঘাটন করতে পারেনি।
এর আগে বৃহস্পতিবার ভোরে ৪ টি বাস পোড়ানোর ঘটনা ঘটে সিলেটে।


