প্রিমিয়ার ব্যাংক ও ফুলকলির আর্থিক অনুদান
ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাই : আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ২:৪৭:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ সিলেট ডায়াবেটিক হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তর করতে সকলের সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, হাসপাতালটি বর্তমানে সংকটে রয়েছে। এর জন্য সকলে এগিয়ে আসতে হবে। এ হাসপাতালকে মোহনীয় রূপে রূপান্তর করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় এটিকে অনন্য হাসপাতালে রূপান্তর করা যাবে।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১১ লাখ টাকা অনুদান গ্রহণকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলির পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
প্রিমিয়ার ব্যাংক ॥ ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকার অনুদান চেক তুলে দেন দি প্রিমিয়ার ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান টিপু।
চেক প্রদানকালে হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ আহবাব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা: এ.টি.এম জাফর আহমদ, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার, ডা: নিহারেন্দু দাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা: রাশেদা চৌধুরী, ডা: আব্দুল মোক্তাদীর কোরেশী, অফিস সহকারী কাম ওয়ার্ড মাষ্টার মো: লিয়াকত হোসেন প্রমুখ।
এ সময় হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রিমিয়ার ব্যাংকের এ অবদানের জন্য হাসপাতালের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। এ ধরনের সেবামূলক কর্মকান্ডে প্রিমিয়ার ব্যাংকের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফুলকলি কর্তৃপক্ষ ॥ এদিকে, গতকাল বিকেলে হসপিটালের উন্নয়নের জন্য ফুলকলির পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে অনুদানের এ চেক তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট চিকিৎসক ডা. জহিরুল হক অচীনপুরি, ডা. এটিএম জাফর, ডা. নীহারেন্দু দাশ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানসহ অনেকে।




