জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে মারামারিতে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ১:৫০:৫৭ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফ নগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের চাচাত ভাই সুলতান মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনুখাই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটকে প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। এ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে মনির মিয়ার বিতর্কের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তার চাচাত ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, রুবেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অপরদিকে, গুরুতর আহত সুলতান মিয়াকে সিলেটে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে ।




