ধোপাগুল থেকে এবার ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৫:১০:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটের ধোপাগুল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে। যার আনুমানিক পরিমাণ ৩৭ হাজার ঘনফুট।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত পাথরের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




