হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৬:১৭:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার দুপুরে পৌরসভার সহযোগিতায় শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে পরিচালিত হয় এ অভিযান।
পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল অনেকে। এতে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ অভিযানে ৪৭টি দোকান উচ্ছেদ এবং ৩টি দোকানকে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, শহরের অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলবে।




