জৈন্তাপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৯:২১:০৭ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় দুঃখপ্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। বৃহস্পতিবার (২৪ জুলাই ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর পৃথক দুটি স্মারক লিপি প্রদান করে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল এই এসোসিয়েশনটি।
জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম.এ বশির উদ্দীন ও সেক্রেটারি রমিজ উদ্দীন রমজান স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয় “প্রাথমিক পর্যায়ে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং একটি মেধাবী জাতিগঠনে দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যাপক অবদান রেখে আসছে। ইতোপূর্বে সবগুলো সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আসছিলেন। আমরা আপনার মাধ্যমে সরকারের নিকট বিনয়ের সাথে দাবী জানাচ্ছি, কোমলমতি শিশু-কিশোরদের সুপ্ত-প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে তাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত না করে অংগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন।”
শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সংগঠনটি জাতীয় পর্যায়ে এই বিষয়ে যারা কাজ করছেন তাদের প্রতি সংহতি জানিয়ে বলেছে— “দাবি আদায়ের জন্য সকল প্রচেষ্টায় জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সমর্থন আছে এবং আমরা যথাসাধ্য কর্মসূচিও পালন করবো”।
ইউএনও অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহসভাপতি, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান, এসোসিয়েশনের সহসভাপতি, সানরাইজ প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল রাজীব কুমার নাথ, গ্রিন বার্ডস কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আলী হোসেন, আর.এম প্রিপারেটরির প্রিন্সিপাল গিয়াস উদ্দিন, শাহজালাল প্রি-ক্যাডেটের ডিরেক্টর শফিকুর রহমান, বর্ণমালা একাডেমির প্রিন্সিপাল রমজান হোসেন, মীম কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল রেজাউল ইসলাম, এডুকেয়ার কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আব্দুশ শুকুর, রুপচেং কিন্ডারগার্টেনের ডিরেক্টর বাহার আলম, বাউরভাগ আল-মাদানীর প্রিন্সিপাল মো. সেলিম, মেরিট গার্ডেনের ডিরেক্টর সাইফুল ইসলাম, বিএম ল্যাব স্কুলের পরিচালক রাসেল মাহফুজ, জেডিএফের প্রতিনিধি জয় কান্ত দাস, আর.এম প্রিপারেটরির সহকারী শিক্ষক কামরুল ইসলাম, ও শাহরিয়ার আলম।




