ছাতক থানার ওসিকে ভারতীয় সিম দিয়ে প্রাণনাশের হুমকি!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ১২:৪৩:১৮ অপরাহ্ন
ছাতক থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ-কে ভারতীয় একটি সিম থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত ১টা ৩৭ মিনিটে ওসির সরকারি নম্বরে ভারতীয় মোবাইল নং (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয় বলে ওসি জানিয়েছেন। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
হুমকিদাতা বলেন,’ আওয়ামীলীগ হারাইয়া যায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরে হলেও ফিরবে, বিষয়টা মাথায় রাইখেন। দিন ঘুরলে দেশের যেখানেই থাকবেন, ধরা হবে। মাইন্ড ইট, সমন্বয়ক-জামাত কেউ বাঁচাতে পারবে না’ এ সময় অফিসার ইনচার্জ ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু, অপর প্রান্ত থেকে বলা হয়, সময়মতো সামনে এসে পরিচয় দেয়া হবে। এরপর ওসি নিজেই ফোন কেটে দেন।
ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




