সিলেটে ১৫ হাজার ৫৩৯ পিস ইয়াবাসহ আটক-১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৫:২৫:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের শ্রীরামপুর এলাকা থেকে ১৫ হাজার ৫৩৯ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃত মো. আনোয়ার হোসেন (৪০) সিলেটের বিয়ানীবাজার উপজেলার পইলগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। সে ওই পিকআপের চালক।
র্যাব-৯ জানায়, শনিবার রাত ৯ টার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সিলেটগামী একটি নীল রংয়ের পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। পরে তাকে পালানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে ওই গাড়ির ড্রাইভিং সিটের পাশে একটি নীল রংয়ের পলিথিনের ভিতর থেকে ৭৮ টি কালো রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেট পাওয়া যায়। যেখানে ১৫ হাজার ৫৩৯ পিস ইয়াবা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য- ৩৮ লাখ ৮৫ হাজার টাকা। পরে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যক্তি চালকের পাশাপাশি ব্যবসায়ের সাথে জড়িত। অন্যান্য পণ্য পরিবহনের ফাকে সে ইয়াবা পরিবহন করে।




