বানিয়াচংয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর পুকুরে মিলেছে শিশুর লাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৩:৪০:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর পুকুরে মিলেছে তামিম নামে এক শিশুর লাশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাতাপুর মহল্লার মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তামিম উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মাতাপুর মহল্লার মামুন মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে যায় তামিম। এদিকে তার পিতা মামুন মিয়া তার মিশুক গাড়ি নিয়ে চলে যায় অন্যত্র। মা আকিরুন বেগমও প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হন। এরই মধ্যে সন্ধ্যায় তারা বাড়ি ফিরে তামিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে তার সন্ধান চেয়ে এলাকায় করা হয় মাইকিং। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মাতাপুর মহল্লার মসজিদের পুকুরে তার লাশ ভেসে উঠে।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফা জানান, বিষয়টি আমাদেরকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



