দিরাই-শাল্লা জলসুখা সড়কের কাজের অগ্রগতি জনসম্মুখে প্রকাশের জন্য শিশির মনিরের চিঠি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৬:১১:০৮ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা:- সুনামগঞ্জের দিরাই-শাল্লা-জলসুখা সড়কের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি রিপোর্ট দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
রোববার (১৭ আগস্ট) সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর প্রেরিত এক আবেদনে তিনি উল্লেখ করেন, হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ জলসুখা সড়কটি। স্বাধীনতার পর থেকে একাধিকবার কাজ শুরু হলেও বারবার তা থেমে যায়। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় কাজ শুরু হলেও বর্তমানে এ প্রকল্পের কাজে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।
‘মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ মহাসড়ক’ প্রকল্পের বরাদ্দ ৭৬৯ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ২০২৭ সালে নেওয়া হয়েছে। বর্তমানে দিরাই-শাল্লা অংশে ২০ কিলোমিটার এবং শাল্লা-আজমিরীগঞ্জ অংশে ১৬ কিলোমিটার রাস্তার কাজ চলমান থাকলেও অগ্রগতির কোনো সুনির্দিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
শিশির মনির বলেন, “কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, কি কারণে কাজ ব্যাহত হচ্ছে, দিরাই-শাল্লা অংশের জন্য বাজেট কত—এসব তথ্য জনগণের জানার অধিকারভুক্ত।”
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে রয়েছে—বর্ষাকালে বিট বালুর অভাব,নদী-নালা, খাল-বিল থেকে বালু উত্তোলনে উদ্যোগের ঘাটতি,রাজনৈতিক প্রভাব খাটানো,জমি অধিগ্রহণে ধীরগতি,অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধে অব্যবস্থাপনা।
এসব সমস্যার দ্রুত সমাধান ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।




