বৃটেনে সংবাদ সম্মেলন
টমি মিয়াস ইন্টারন্যাশনাল সেফ এন্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২১ সেপ্টেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১০:২৮:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সেলিব্রেটি সেফ টমি মিয়ার হসপিটালিটি অ্যাওয়ার্ড প্রবর্তনের গৌরবের ৩৪ বছর উদযাপন ও টমি মিয়াস ইন্টারন্যাশনাল সেফ এন্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫ এর হসপিটালিটি অ্যাওয়ার্ড বিতরণ ও বৃহৎ গালা নাইট আগামী ২১ সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের মার্কারি হোটেলের আইলেক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এর পূর্বে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেফ কম্পিটিশন। ওই দিনই বেলা আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে কালিনারি কুইন কম্পিটিশন। লন্ডনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা।
৩৪ বছর পূর্বে ১৯৯১ সালে প্রথম টমি মিয়া ইন্টারন্যাশনাল সেফ কম্পিটিশনের প্রবর্তন করেন সেলিব্রেটি সেফ টমি মিয়া। এই হসপিটালিটি অ্যাওয়ার্ড শুধু সেফ এবং রেস্টুরেন্ট এর জন্য নয় বরং বিভিন্ন সেক্টরকে সম্পৃক্ত করার জন্য প্রয়াস বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন মোস্তাক বাবুল লিখিত বক্তব্যে জানান, তাঁরা দ্যা ইনসপায়ারিং ওম্যান অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড প্রবর্তনের বিষয়টি বিবেচনা করছেন। কালিনারি শিল্পের সাথে সম্পৃক্ত একজন মহিলাকে খুঁজে বের করার জন্য এই অ্যাওয়ার্ড প্রবর্তন করার বিষয়টি বিবেচনা করছেন। এই অ্যাওয়ার্ড প্রদানের জন্য এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি।
ক্যাটারিং সেক্টরের সাথে সম্পৃক্ত এমন কাউকে খুঁজে পাওয়ার ব্যাপারে তাঁরা আশাবাদী বলে জানিয়ে তিনি বলেন, অনেক বোন আছে যারা ঘরে বসে রান্না করেন। নিজের ঘরে রান্না করার পরেও ১০০-২০০ জনের কোন পার্টির রান্না করে ডেলিভারি করেন। যা থেকে পাওয়া অর্থ তারা কমিউনিটির কোন উন্নয়নের কাজে ব্যয় করেন। এছাড়াও সেফ কম্পিটিশন এবং কালিনারি কুইন কম্পিটিশন সাথে থাকবে বাংলাদেশ ফুড ফেস্টিভাল। রয়েল রিজেন্সি হলের ভেতরে একপাশে রান্না ঘর তৈরি করে কম্পিটিশনের আয়োজন হবে।
অন্যদিকে বাংলাদেশের ট্রেডিশনাল খাবার দাবার নিয়ে থাকবে ফুডস্টল। পাশের স্টেজে থাকবে গান বাজনার আয়োজন। সম্পূর্ণ ফ্রি এন্ট্রিতে প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। পরে থাকেব র্যাফেল ড্র। র্যাফেল ড্র বিজয়ী ২০জন পরবর্তী সপ্তাহের গালা ডিনার ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের টিকেট পাবেন বিনামূল্যে। অনুষ্ঠানে বাংলাদেশ ও বৃটেনের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।




