কলাগাছের ভেলায় ভাসছে নলজুর নদের দুঃখ কষ্টের কথা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১০:০৬:৩৪ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদে কলা গাছের ভেলায় ভাসছে নদটির দুঃখ কষ্টের কথা সংবলিত ব্যানার। গতকাল শনিবার উপজেলা সদরের নির্মাণাধীন আর্চ সেতু এলাকায় ওই ভেলাটি দেখা গেছে। পথচারীদের মনোযোগ দিয়ে লেখাটি পড়ার চেষ্টা করতে দেখা যায়।
কলা গাছের তৈরি ওই ভেলাটিতে টানানো ব্যানারে লেখা রয়েছে; “আমি নলজুর নদী, আমি মরে যাচ্ছি আমাকে বাঁচান। আমার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন। আমার উপর বর্জ্য ও ময়লা ফেলা বন্ধ করুন। আমি বাঁচলে আপনাদের কে বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি ও মাছ দেব। বাংলাদেশ নদী কমিশনের কাছে আমার আকুল আবেদন, অনতি বিলম্বে আমাকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করুন। নতুবা আমি মরে যাব। বিনীত নলজুর নদী “।
খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা পরিবেশ কর্মী ব্যবসায়ী বিষ্ণু রায় বিশ্ব ওই ভেলাটি তৈরি করে ব্যানারে নলজুর নদের দুঃখকষ্টের আকুতি জানিয়েছেন।
নদীর রক্ষায় ব্যতিক্রমী এ উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন পরিবেশ প্রেমি মানুষ। নলজুর নদ আমাদের উপজেলার সদরের প্রাণ। এক সময় এটি বিশাল নদ ছিল। কিন্তু বর্তমানে নদ দখল ও বর্জ্য ফেলে নদটি ধ্বংসের দ্বারপ্রান্তে। খননের নামে নদকে খাল বানানো হয়েছে।
তিনি বলেন, আমরা হাওরের পাড়ের মানুষ। নদীনালা ভরাট হয়ে যাওয়ায় এখন প্রতি বছর আমাদের বন্যার সম্মুখীন হতে হয়। নদী রক্ষায় একাধিকবার লিখিতভাবে উপজেলায় আবেদন করলেও কোন কাজ হয়নি। তাই সচেতনতা সৃষ্টি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এমন উদ্যোগ নেই।




