ইমাম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক
প্রশিক্ষিত ইমামদের তৎপরতায় সিলেট হবে শ্রেষ্ঠ জেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৯:৩৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, বিভিন্ন সূচকে সিলেট জেলা পিছিয়ে আছে। আমি চাই এই জেলার প্রতিটি দপ্তর যেন সব ক্ষেত্রে ফার্স্ট হয়। সেই লক্ষ্যে আমি ইমাম ও খতিবদের কাজে লাগাবো। সামাজিক সচেতনতা সৃষ্টিতে ইমামদের তৎপরতাকে কাজে লাগিয়ে সিলেটকে শ্রেষ্ঠ জেলায় পরিণত করবো। এজন্য আমি ইমামদের মাধ্যমে মানুষের কাছে মেসেজ পাঠাতে চাই।
মঙ্গলবার (২৬ আগস্ট) নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের ৪৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দ্বীনের বাণী হেকমতের সাথে হৃদয়গ্রাহী করে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের মনে দাগ কাটে। হৃদয়গ্রাহী করে দ্বীনের বাণী তুলে ধরতে পারলে সেটা অগ্রাহ্য করার সাধ্য মানুষের নেই। সে ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও সাংবাদিক আফতাব চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক কৃষিবিদ মো. আনোয়ারুল কাদির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী ইমাম মাওলানা ইয়াসিন জুনেদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আবুল ফজল, মাওলানা শাহ আলম ও মাওলানা নাইমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের চার লাখ মসজিদে প্রতি জুমার নামাজে অন্তত ছয় কোটি মুসল্লি সমবেত হন। এই বিপুল সংখ্যক মানুষের কাছে ইমাম ও খতিবরা শান্তির বাণী পৌছে দেওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন বার্তাও পৌছে দেন। এই বিবেচনায় তারা সরকারের লোকাল ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে কাজ করেন। তাই সরকারও ইমামদের সুযোগসুবিধার দিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সরকারের মসজিদ পরিচালনা নীতিমালাকে আইনে পরিণত করা ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ব্যাংকে রূপান্তর করা দেশের ইমামদের প্রাণের দাবী।
অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ভ্রাহ্মণবাড়িয়া, নংসিংদী ও কিশোরগঞ্জ জেলার নির্বাচিত একশো ইমাম অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ইমামদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।




