গোলাপগঞ্জে সরকারি কাজে বাধা দেয়ায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ১১:৫৮:৫১ অপরাহ্ন
ডাক ডেস্ক: গোলাপগঞ্জে সরকারি জায়গা দখল করে ফিসারী খনন ও সরকারি কাজে বাধা দেয়ায় ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পূর্বপাড়া বদলখা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পূর্বপাড়া বদলখা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. চেরাগ আলী (৬২)। অসিম আলী ছেলে মো. ইছাক আলী (৬০), সুপার আহমদ (৫০), ও রুহেলা বেগম (৪৫)।
জানা যায়, ফুলবাড়ী পূর্বপাড়া বদলখা গ্রামে সরকারি ফসলী কৃষি জমিতে গভীর গর্ত খনন করে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন, জমির শ্রেণি পরিবর্তন করে কৃষিজমি নষ্ট করে জায়গা দখল করছেন একদল। এমন খবরে সরকারি খাসজমি পরিদর্শনের গোলাপগঞ্জ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং অফিস সহায়ক মো. শামিম আহমদ ও মো. ময়নুল ইসলাম সরেজমিন পরিদর্শনে যান। এসময় দা, ছুরি, শাবল, কুড়াল, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এসময় তাদের সঙ্গে থাকা ব্যানার দুটি ছিনিয়ে নেন দখলদাররা।
পরবর্তীতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ ঘটনাস্থল গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. চেরাগ আলীকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারায় ৫শ’ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
অন্যদিকে মো. ইছাক আলী, সুপার আহমদ ও রুহেলা বেগমকে সরকারি কর্মচারিকে শারীরিকভাবে লাঞ্চিত ও সরকারি কাজে বাধাপ্রদানে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী টহল টিম ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।




