মৌলভীবাজারে সাংবাদিকদের সারজিস আলম
‘এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:০০:৪৩ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজম্ব সংবাদদাতা : আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে এনসিপি মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস।
তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা। তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পুনরায় আবেদনও করেছি। শালপা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ, আমরা যেদিন আবেদন করেছি; সেদিন থেকে তারা এই কাজের পক্রিয়ায় যাওয়ার কথা ছিলো, যেহেতু আমরা শাপলা চেয়েছি।
নিউইয়র্কে আওয়ামী লীগের এনসিপি’র সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ অন্যদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকারের গাফিলতি। এর দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ ও এহসান জাকারিয়া প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




