সিলেটের ডাকে সংবাদ প্রকাশ : অবশেষে নদী থেকে বাঁধ উচ্ছেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮:৫৯ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই উপজেলার কল্যাণী এলাকার মরা সুরমা নদী থেকে ১২ দিন পর অবৈধ বাঁধ অবশেষে উচ্চেদ করা হয়েছে।
গত ২২ আগস্ট উপজেলার চরনারচর ইউনিয়নের কল্যাণী এলাকার মরা সুরমা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার এ শিরোনামে দৈনিক সিলেটের ডাকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে, আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার ও দিরাই থানা পুলিশ ফোর্স এর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি অভিজিৎ সুত্রধর। এসময় ২ টি বড় চায়না চাই ও বাঁধের কাজে ব্যবহৃত বাঁশ ও জাল জব্দ করা হয়।
এদিকে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ উচ্চেদ হওয়ায় এলাকার জনসাধারণের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি অভিজিৎ সুত্রধর বলেন, জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে। এবং এ বাঁধের সাথে সংশ্লিষ্ট ও নদীর ইজারাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।




