শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প, সুন্নতে খৎনা ও হুইল চেয়ার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯:৫৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, সুন্নতে খৎনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু সেবা নেন। তাদেরকে প্রয়োজনীয় ওষুধ ও চশমাও ফ্রি সরবরাহ করা হয়। এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশনের ব্যবস্থা নেয়া হয়৷ একইসঙ্গে ৫০ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়। এ ছাড়া গরীব এন্ড ইয়াতিম ফান্ড ইউকে ও হেল্প ফর চেঞ্জ এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করেন ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ও ট্রেজারার আব্দুল আউয়াল।
চিকিৎসাসেবা পরিচালনা করেন সুনামগঞ্জ আইকেয়ার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কুতুব উদ্দিন, ডা. মোহাম্মদ আজিজুল হক, সিলেট আই হসপিটালের ইনক্লুসিভ ডা. মোস্তাফিজুর রহমান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
উপকারভোগীরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ও আশার আলো এনেছে। দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে দারুণভাবে উপকৃত হয়েছেন। সুন্নতে খৎনা করাতে পেরে পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন, আর হুইল চেয়ার পাওয়া প্রতিবন্ধীরা বলছেন- এটি তাদের চলাফেরায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয়রা আশা করেন, এমন কার্যক্রম নিয়মিত হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।




