শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে শক খেয়ে লজ্জাবতী বানরের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৮:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুতের তারে শক খেয়ে একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক জাকারিয়া প্রথমে বানরটিকে বিদ্যুতের তারে ঝুলতে দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। বিদ্যুৎ বিভাগকে অবহিত করে প্রায় ৪০ মিনিটের অভিযান চালিয়ে বানরটিকে উদ্ধার করা হয়। তবে এ সময় প্রাণীটি মৃত অবস্থায় পাওয়া যায়।
স্বপন দেব সজল জানান, খাদ্যের সন্ধানে গ্রামে প্রবেশ করে বানরটি অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে শকের কারণে মারা যায়। পরবর্তীতে মৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশে লজ্জাবতী বানর বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। বনভূমি ধ্বংস ও মানুষের বসতিতে প্রবেশজনিত কারণে এই প্রজাতির অস্তিত্ব চরম হুমকির মুখে পড়েছে।




