শ্রীমঙ্গলে সাপ আতঙ্ক : একদিনে উদ্ধার হলো দুই বিশাল অজগর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৬:৫৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি : চা-বাগান, বন ও পাহাড় বেষ্টিত শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে দুইটি পৃথক স্থান থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। হঠাৎ এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়ালেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সাপগুলো নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরতলির জে.টি. রোডে দেবনাথ সম্প্রদয়ের শ্মশানঘাট প্রাঙ্গণে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকরা ঝোপঝাড়ে নড়াচড়ার শব্দ পান। কাছে গিয়ে তারা একটি বিশাল অজগর দেখতে পান। আতঙ্কিত শ্রমিকরা স্থান ত্যাগ করে খবর দেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে।
সংগঠনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
এর আগে ভোররাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও গ্রামের ন্যাজারিন মিশনের সামনে একটি বাড়ির আঙিনায় কুকুর ও গরুর চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে এসে আরেকটি অজগর দেখতে পান। খবর পেয়ে স্বপন দেব ও রাজদীপ দেব দ্বীপ ওই অজগরটিও উদ্ধার করেন।
উদ্ধারকৃত দুই অজগরকেই পরবর্তীতে সুরক্ষিতভাবে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট ও মানুষের উপস্থিতি বাড়ার কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী মাঝে মাঝে জনবসতিতে প্রবেশ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানব–প্রকৃতি সংঘাত এড়াতে জনসচেতনতা বাড়ানো জরুরি। বড় সাপ দেখলে নিজে থেকে ধরার চেষ্টা না করা, পোষ্য ও গৃহপালিত পশু নিরাপদ স্থানে রাখা, দ্রুত বনকর্মী বা বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাকে খবর দেওয়া এবং আশপাশ পরিচ্ছন্ন রাখা এসব সতর্কতা মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
শ্রীমঙ্গলে একই দিনে দুটি অজগর উদ্ধারের ঘটনা আবারও মনে করিয়ে দিল মানুষ ও প্রকৃতির সংস্পর্শ যত বাড়ছে, সচেতনতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।




