খাদিমে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫৯:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর খাদিমনগর এলাকায় সিএনজি অটোরিক্সা ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন যাত্রী আহত হন। নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
আহত অন্যরা হলেন-শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)সহ আরও ২ জন। আহত অন্য ২ জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে শাহপরান থানা পুলিশ উদ্ধার করে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।




