সফলতার গল্প
শ্রীমঙ্গলের কৃষক আতর আলী মাল্টা চাষে সফল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ২:৫৬:৩০ অপরাহ্ন
আবুল ফজল মো: আবদুল হাই, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের কৃষক ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় ইউনিয়ন দলনেতা মোঃ আতর আলী মাল্টা চাষ করে সফলতার স্বপ্ন পূরণ করেছেন।
২০২২ সালে কৃষি বিভাগ থেকে প্রাপ্ত ২০০টি মাল্টার চারা ও জৈব সার প্রণোদনা পেয়ে তিনি পাহাড়ি টিলায় পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ শুরু করেন। চারা রোপণের দুই বছর পর প্রথমবার ফলন আসার পর বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। গত বছর মাল্টা বিক্রি করে তিনি ১৫ হাজার টাকা আয় করেন। এ বছর মাল্টা বিক্রি থেকে আয় হয়েছে অর্ধলক্ষ টাকা।
আতর আলীর এ সাফল্যে আশপাশের অন্য কৃষকরাও মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সরেজমিনে দেখা যায়, আতর আলীর ১৫ বিঘা জমিজুড়ে ৪০ প্রজাতির দেশি-বিদেশি ফলের বাগানে মাল্টার সঙ্গে কফি, কাজু বাদাম, আনারস, লেবু, আম, কাঁঠাল, লিচু, বেল, জাম্বুরা, সুপারি, কলা ও সবজি চাষ হচ্ছে।
২০২৪ সালে ৬০-৭০টি গাছে প্রথমবার ফলন আসলেও এবার প্রতিটি গাছে ১৫ থেকে ৩০টি করে মাল্টা ধরেছে ।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস জানায়, শ্রীমঙ্গল কৃষি বিভাগের পরামর্শে আতর আলী মাল্টা চাষ করছেন।আতর আলী ২০২৪-২০২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নের শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, মাল্টা চাষ স্থানীয় চাষিদের আয়ের নতুন দ্বার খুলেছে। কম খরচে সহজে ফলন হওয়ায় জুড়ী, বড়লেখা ও শ্রীমঙ্গলের অন্যান্য পাহাড়ি অঞ্চলেও মাল্টা চাষের সম্ভাবনা রয়েছে।




