ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৬তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ ১৮ নভেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৩:২৪:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে ১৮ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৬তম আসর। প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন। এ উপলক্ষে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেএম আবু তাহের চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, নবাব উদ্দিন, আমিরুল চৌধুরী, তাইসির মাহমুদ, মাহবুব রহমান, এনাম চৌধুরী, শাহ ইউসুফ, রাজিব হাসান, মুহাম্মদ শাহেদ রাহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী, মুসায়েন কুরেশী, কাজী আরিফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, মোহাম্মদ আলী, হাফছা নূর, শিহাব হোসেনও উপস্থিত ছিলেন।
এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৫ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন- রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশিরা।
তিনি আরো বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ ১৫ বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতাসম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে ব্রিটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝরানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি। এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাইপ্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ব্রিটিশ-বাংলাদেশি হুজহু-এর প্রকাশনার ১৬তম আসর বসতে যাচ্ছে এ বছর। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রকাশনাটি। একটি প্রকাশনার গ্রহণযোগ্যতার প্রশ্নে দীর্ঘ দেড় দশক টিকে থাকতে দরকার হয় কিছু মৌলিক শক্তির। যে শক্তির বলে তুলে আনা যায় কমিউনিটির পেছনের খবর, আর উন্মোচন করা যায় নেপথ্যের আলোকিত মুখদের। আস্থায়, গ্রহণযোগ্যতায় ও ভালোবাসায় এ যাত্রায় যারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ।




