জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট জেলা ও মহানগর বিএনপির র্যালি
এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৯:০৫:১৩ অপরাহ্ন
এক কাতারে দেখা গেলো সিলেট বিএনপির শীর্ষনেতাদের। শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে এ দৃশ্য দেখা যায়। এদিন দিবসটি উপলক্ষে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. এ. মালেক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক ও মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম প্রমুখ। এর আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশা সহ নানা কারণে তাদেরকে একসাথে দেখা যায় নি।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ১৯৭৫ সালের এই দিনে নিদারুণ দুঃসময়ে দেশপ্রেমিক জনগণের পাশে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেভাবে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেভাবেই জাতীয় সংকটের মুহূর্তে তিনি জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন। জিয়ার বাংলাদেশ কখনও পরাধীন হবে না -এদেশ পার্শ্ববর্তী শক্তির সঙ্গে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে।
এসময় বক্তারা বলেন, আঙুল বাকা করার ভয় দেখানো হচ্ছে- আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সেই আঙুল ভেঙে দেব। অতীতেও এমন বহু ভয় দেখানো হয়েছিল, কিন্তু বিএনপি কখনও পিছু হটেনি, ভয় পায়নি। আগামী জাতীয় নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনসহ বিভাগের ১৯টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দেব, ইনশাআল্লাহ।
দিবসটি উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড, উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে নানা কর্মসূচি পালন করে।




