সভাপতি মনোয়ার, সেক্রেটারি মমিনুল ও রশীদ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১২:২২:০২ অপরাহ্ন
ফায়যুর রাহমান, অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে মনোয়ারুল ইসলাম সভাপতি, মমিনুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক ও রশীদ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সাড়ে এগারোটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্ট হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গত সেপ্টেম্বর মাসে ক্লাবের ইসি কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনী প্রক্রিয়ায় ৫১ ভোট পেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিক বাংলা পত্রিকার এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৪৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন বিএ নিউজ২৪ এর সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পান ২৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ।
এর আগে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামীল আনছারী। স্বাগত বক্তব্য দেন ক্লাব সভাপতি মনোয়ারুলইসলাম। এরপর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ। প্রায় দুই ঘন্টা ব্যাপি চলে রিপোর্টের ওপর মুক্ত আলোচনা।
এরপর বিকেল সাড়ে ৩টায় তিন সদস্যের নির্বাচন কমিশন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য ক্লাবের সাধারণ সদস্যদের কাছে সহযোগিতা চান। পরে সকল সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে কার্যকরী কমিটির দায়িত্বশীলদের নির্বাচিত করেন। তবে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং প্রচার ও দফতর সম্পাদক- এই তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে আবিদুর রহিম, রশীদ আহমদ ও মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন।
নবনির্বাচিত নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন- সহসভাপতি আবিদুর রহিম (ফ্রিল্যান্স), যুগ্ন সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী (এনটিভি), কোষাধ্যক্ষ রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), প্রচার ও দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান (যুগান্তর), কার্যকরী সদস্য যথাক্রমে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা) রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন (ফ্রিল্যান্স ) ও শাহ আহমদ (আওয়াজ বিডি)। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসের (প্রধান নির্বাচন কমিশনার), এবিএমসালেহ উদ্দীন (নির্বাচন কমিশনার) ও চৌধুরী এম আলী কাজল (কমিশনার)।
এর আগে সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, আবু তাহের, দৈনিক নিউ নেশনের সাবেক রিপোর্টার মাহমুদ খান তাসের, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন কিসলু প্রমুখ।
একটি সুষ্ঠু ও সার্বজনীন নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশন ও কার্যকরী কমিটিকে উপস্থিত সদস্যরা ধন্যবাদ জানান। ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্লাবের ১০৫ জন এক্টিভ সদস্যের মধ্যে ৯৪ জন স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি ১০ জন সদস্য অসুস্থ, জরুরি কাজ ও আমেরিকার বাইরে থাকায় নির্বাচনে অংশ নিতে পারেননি।




