ভারতে সাজা শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন পাঁচ সিলেটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৫:৫৭:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর সাজা ভোগ করে দেশে ফিরেছেন সিলেটের বাসিন্দা পাঁচ বাংলাদেশি।
গতকাল বুধবার দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে ওই পাঁচ সিলেটিকে ফেরত পাঠায় ভারত। তাঁরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯), মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ জানান, ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৫ জন বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হবার পর গতকাল তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। ভারত থেকে ফেরা ৫ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উকিয়াং নামক সীমান্ত এলাকা দিয়ে ভারত প্রবেশ। সেখানকার পুলিশ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে দেশে হস্তান্ত করা হয়।
পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ আরো জানান, যথাযথ আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।




