সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি
রাজপথে সিলেটের ট্রাভেল ব্যবসায়ীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৯:৫৪:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে এবার রাজপথে নামলেন সিলেটের ব্যবসায়ীরা। দাবি বাস্তবায়নে তারা এক ঘণ্টা ট্রাভেল এজেন্সি বন্ধ রেখে প্রতিবাদ জানান। পাশাপাশি তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিমান সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
ট্রাভেল এজেন্সি মালিকরা বলছেন, বর্তমান অন্তবর্তী সরকার বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণে যে খসড়া অধ্যাদেশ তৈরি করেছেন; তা ট্রাভেল ব্যবসাকে স্থবির করে দেবে । এতে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছেন।
ট্রাভেল ব্যবসায়ী আলহাজ¦ আতাউর রহমানের সভাপতিত্বে ও দেওয়ান রুশো চৌধুরীর সঞ্চালনায় এসব কর্মসূচিতে বক্তারা ট্রাভেল এজেন্সির স্বার্থবিরোধী আইন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করে বলেন, ট্রাভেল এজেন্সি প্রতিনিধিদের সাথে কোন ধরনের আলোচনা না করেই এসব আইন তৈরি করতে যাচ্ছে সরকার। বিষয়টি ট্রাভেল ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আটাবের সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও আটাব বাংলাদেশের সদ্য সাবেক সহ সভাপতি আব্দুল হক, আটাবের সাবেক সেক্রেটারি ও হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি আব্দুল কাদির।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের সাবেক তিন বারের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, আটাব ও হাবের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, আটাব বাংলাদেশের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, হাব সিলেট অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন জালালাবাদী, হাবের প্রাক্তন চেয়ারম্যান জহুরুল কবির চৌধুরী শিরু।
এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন আব্দুল গফুর, আব ুজাফর, জামাল তারেক বুলবুল, মোজাম্মেল হোসেন রুবেল, কবির আহমদ এবং অন্যান্য ট্রাভেল এজেন্সির নেতৃবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা আবুল কালাম আজাদ।




