শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাই স্কুলের উদ্বোধন ও ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫০:৫২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
সোমবার সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ফল প্রকাশ এবং শিক্ষা ক্ষেত্রে ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া তাঁর বক্তব্যে বলেন,“এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ সত্যিই অনন্য। এখানে একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা প্রয়োজন, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য আরও দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আমরা আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করব। এতে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য পরীক্ষার পূর্বেই প্রস্তুতি পাবে। আশাকরি খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তদারকির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য শিক্ষক নিয়োগ। স্কুল ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকার বলে সভাপতি থাকবেন, যা একটি শক্তিশালী গার্ডিয়ানশিপ নিশ্চিত করবে।




