দিরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৯:১৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় পৌর শহরের বাজার ব্রিজ থেকে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দিরাই থানা পুলিশের একটি দল।
জানা যায়, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জনস্বার্থে নেওয়া এ উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় যানজট ও চলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে বাজার এলাকায় স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। জনদুর্ভোগ লাঘব এবং শহরের শৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




